কানাডায় কয়েক দশক ধরে স্থায়ী বাসিন্দারা বাবা-মা এবং দাদা-দাদিকে স্পনসরশিপ (পিজিপি) কর্মসূচির আওতায় দেশের স্থায়ী বসবাস (পিআর) জন্য নিয়ে আসতে পারতেন, কিন্তু এখন আর এই সুযোগ থাকছে না।
৪ জানুয়ারি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলারের জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে আগের জমা দেওয়া আবেদনের কাজ শেষ করার জন্য, বাবা-মা এবং দাদা-দাদির জন্য স্থায়ী বসবাসের স্পনসরশিপের নতুন আবেদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আইআরসিসি (ইমিগ্রেশন, রিফিউজিজ এবং সিটিজেনশিপ কানাডা) পরিষ্কারভাবে জানিয়েছে, তারা ২০২৪ সালে জমা পড়া আবেদনের প্রক্রিয়াকরণ চালিয়ে যাবে, তবে নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না। অতীতে, পিজিপি কর্মসূচির মাধ্যমে কানাডার স্থায়ী বাসিন্দারা তাদের বাবা-মা এবং দাদা-দাদিকে স্থায়ীভাবে কানাডায় নিয়ে আসতে পারতেন, তবে এটি এখন বন্ধ হয়ে গেছে।
এখন এর বিকল্প হিসেবে, কানাডায় বসবাসরত পরিবারগুলো সুপার ভিসা কর্মসূচিতে আবেদন করতে পারবেন। এই ভিসার আওতায় স্থায়ী বাসিন্দাদের আত্মীয়রা কানাডায় পাঁচ বছর পর্যন্ত বসবাস করতে পারবেন।
কানাডার সংবাদমাধ্যম “কানাডা গেজেট” জানিয়েছে, দেশের কঠোর অভিবাসন নীতির কারণে ২০২৫ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ১২ লাখেরও বেশি অস্থায়ী বাসিন্দা কানাডা ছেড়ে যেতে বাধ্য হতে পারেন।
এছাড়া, কানাডার বার্ষিক পিআর কোটা ৫ লাখ থেকে কমিয়ে ৩ লাখ ৯৫ হাজার করা হয়েছে। আগামী ২০২৬ সালে এই সংখ্যা ৩ লাখ ৮০ হাজার এবং ২০২৭ সালে ৩ লাখ ৬৫ হাজারে নামানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। হ্রাসকৃত কোটার মধ্যে ২০২৫ সালে কেবল ৯৪ হাজার ৫০০টি ভিসা পারিবারিক স্পনসরশিপের জন্য বরাদ্দ থাকবে, যার মধ্যে ৭০ হাজার পিআর-ধারীদের স্বামী-স্ত্রী এবং সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে।