জার্মানির ছোট্ট শহর ভেমডিং-এ এক অদ্ভুত শিল্পকর্ম তৈরি হচ্ছে। এর নাম “টাইম পিরামিড”। এটি তৈরি করতে সময় লাগবে ১,২০০ বছর। শিল্পী ম্যানফ্রেড ল্যাবার ১৯৯৩ সালে এই প্রকল্পের ধারণা দেন।
এই পিরামিড তৈরির নিয়ম খুব ব্যতিক্রমী। প্রতি ১০ বছরে মাত্র একটি কংক্রিট ব্লক যোগ করা হবে। এভাবে ধীরে ধীরে পুরো পিরামিড তৈরি হবে। এখন পর্যন্ত কয়েকটি ব্লক স্থাপন করা হয়েছে। সর্বশেষ ব্লকটি বসানো হয়েছে ২০২৩ সালে। সেই সময় অনেকে এটি দেখতে এসেছিলেন। এমনকি সান ফ্রান্সিসকো থেকেও মানুষ এসেছিল।
এখনও ১১৬টি ব্লক বসানো বাকি। সব ব্লক বসতে বসতে ৩১৮৩ খ্রিস্টাব্দ এসে যাবে। তখন এই পিরামিড সম্পূর্ণ হবে। তবে ভবিষ্যতের মানুষ ঠিক করবে, এটি কীভাবে সংরক্ষণ করা হবে।
শিল্পী ম্যানফ্রেড ল্যাবার ২০১৮ সালে মারা যান। কিন্তু তিনি এই পিরামিডকে একটি দীর্ঘমেয়াদী শিল্পকর্ম হিসেবে কল্পনা করেছিলেন। তিনি চেয়েছিলেন, ভবিষ্যতের মানুষ এর মানে খুঁজে নিক। তিনি কংক্রিটকে উপাদান হিসেবে বেছে নিয়েছিলেন। কারণ এটি দেখতে খুব সাধারণ। এতে পিরামিডটি বিশাল ও জাঁকজমকপূর্ণ লাগবে না। অনেকেই মনে করেন, ল্যাবার হয়তো সময়কেই “কংক্রিটের মতো শক্ত ও স্থায়ী” করতে চেয়েছিলেন।
ভেমডিং শহরের মানুষ ধীরে ধীরে প্রজন্ম থেকে প্রজন্মে এই কাজ চালিয়ে যাবে। তারা এমন একটি শিল্পকর্ম তৈরি করছে, যা তাদের জীবনকাল ছাড়িয়ে যাবে। এটি ইতিহাসের অংশ হয়ে থাকবে এবং ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে উঠবে।
সূত্র: যেইট পিরামিড