২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে বড় পরিবর্তন আসছে ফুটবল ইভেন্টে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি– আইওসি জানিয়েছে, নারী ফুটবলে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে ১২ থেকে ১৬-তে উন্নীত করা হয়েছে। এদিকে পুরুষদের দল কাটা পড়েছে ৪টি। ১৬ দল থেকে কমিয়ে আনা হচ্ছে ১২-তে।
এই সিদ্ধান্তটি অলিম্পিকের ইভেন্ট প্রোগ্রামে বেশ কিছু রদবদলের অংশ হিসেবে নেওয়া হয়েছে। লক্ষ্য হলো অলিম্পিকে নারী ও পুরুষদের অংশগ্রহণের মধ্যে সমতা আনা এবং আরও বেশি মিশ্র ইভেন্ট চালু করা।
আইওসি’র ক্রীড়া পরিচালক কিট ম্যাককনেল বলেন, ‘নারীদের দলগত খেলাধুলার জনপ্রিয়তা, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, অত্যন্ত দ্রুতগতিতে বাড়ছে। এই পরিবর্তন সেই প্রবৃদ্ধিরই প্রতিফলন।’ তিনি আরও জানান, এলএ গেমসের আয়োজক কমিটি ও ফিফার সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নারী ও পুরুষ মিলিয়ে ফুটবলে মোট খেলোয়াড়ের সংখ্যা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আইওসি। উল্লেখ্য, অলিম্পিকে পুরুষ ফুটবলে সাধারণত অনূর্ধ্ব-২৩ দল অংশ নেয়।
যুক্তরাষ্ট্র ২০২৬ সালে পুরুষদের এবং ২০৩১ সালে নারীদের বিশ্বকাপ আয়োজন করবে। এ ছাড়া, অলিম্পিকে নারী ফুটবলে পাঁচবার স্বর্ণ জিতেছে দেশটি, যা এই পরিবর্তনের পেছনে আরেকটি বড় কারণ।
২০২৮ অলিম্পিকে মোট ৩৫১টি পদক ইভেন্ট থাকবে, যা ২০২৪ প্যারিস অলিম্পিকের চেয়ে ২২টি বেশি। তীরন্দাজি, অ্যাথলেটিকস, গলফ ও জিমন্যাস্টিকসে নতুন মিশ্র ইভেন্ট যুক্ত হচ্ছে। যদিও অ্যাথলেট সংখ্যা থাকছে পূর্বের মতোই—১০,৫০০ জন।
অতিরিক্ত ৫ খেলা যোগ হচ্ছে। যাতে আছে ক্রিকেট। তার সঙ্গে আছে বেসবল/সফটবল, ক্রিকেট, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রস ও স্কোয়াশ। এ খেলাগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬৯৮টি অতিরিক্ত কোটার স্থান।