বৈশ্বিক অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপের প্রভাব নিয়ে উদ্বেগ বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগের আশ্রয়স্থল স্বর্ণের দিকে ঠেলে দিয়েছে। এর ফলে স্বর্ণের দাম রেকর্ড ৩ হাজার ২০০ ডলারের উপরে উঠে গেছে। খবর-ব্লমবার্গ
চলতি সপ্তাহে বিনিয়োগের ‘স্বর্গরাজ্য’ স্বর্ণের মর্যাদা আরও স্পষ্ট হয়ে উঠে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় মার্কিন স্টক, বন্ড ও ডলারের দামে তীব্র দরপতন ঘটে। বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা ওয়াল স্ট্রিটকেও গ্রাস করে। উচ্চ মাত্রার নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করা হলেও ঝুঁকি ও অনিশ্চয়তা রয়ে গেছে। চীনের আমদানি পণ্যের ওপর শুল্ক আরও বাড়িয়ে কমপক্ষে ১৪৫ শতাংশ আরোপের বিষয়টি বিনিয়োগকারীদের প্রভাবিত করেছে।
সাংহাইভিত্তিক মূল্যবান ধাতু গবেষক লিউ ইউক্সুয়ান বলেন,বাজারে স্বর্ণ এখন সবচেয়ে ভালো জায়গা। নজিরবিহীন বাণিজ্য উত্তেজনা মার্কিন ডলারের প্রতি আস্থা হারিয়েছে। এর পরিবর্তে অন্যান্য সুরক্ষা সম্পদের দিকে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ার পর শুক্রবার মার্কিন ডলারের দাম কমতে শুরু করে। এর মধ্যে বিনিয়োগকারীদের বিনিয়োগের নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ডলার ও মার্কিন ট্রেজারিগুলোর দাম কমে যাওয়ার পর স্বর্ণের দাম নতুন উচ্চতায় পৌঁছে গেছে। মার্কিন সরকারি বন্ডের বিক্রি আবার শুরু হয়েছে। বিনিয়োগকারীরা সুইস ফ্রাঙ্ক এবং স্বর্ণের মতো নিরাপদ আশ্রয়স্থল সম্পদের দিকে ঝুঁকছেন।
এই প্রথমবারের মতো সোনার দাম প্রতি আউন্সে ৩ হাজার ২০০ ডলারের উপরে উঠে গেছে। অন্যদিকে সুইস ফ্রাঙ্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। শুক্রবারও এশিয়ার শেয়ারবাজারে পতন ঘটেছে। শুক্রবার এশিয়ার শেয়ারবাজারে প্রথম দিকের লেনদেনে স্বর্ণের দাম ১.৪ শতাশ পর্যন্ত বেড়েছে।