রাজধানীর বাজারগুলোতে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। তিনদিনে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। সামনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
তারা বলছেন, দেশি পেঁয়াজের এখন ভরা মৌসুম। কিন্তু হঠাৎ করেই আড়তে পেঁয়াজের সরবরাহ কমে গেছে। তাই পাইকারিতে দাম বেড়ে গেছে। ঢাকায় সব থেকে বেশি পেঁয়াজ আসে ফরিদপুর থেকে। ফরিদপুরের পেঁয়াজের দাম বাড়ছে। আড়তদারদের কথায় যা বোঝা যাচ্ছে সামনে দাম আরও বাড়বে।
সোমবার (১৪ এপ্রিল) ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজার ভেদে হালি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬৫ টাকা। গত শুক্রবারও বিভিন্ন বাজারে পেঁয়াজের কেজি ৪০ টাকা ছিল। কিছু কিছু ব্যবসায়ী বাছাই করা ভালো পেঁয়াজ ৪৫ টাকা বিক্রি করছিলেন। এখন সেই পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।