পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। সাকিবের পর আবার আরেক টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে ডেকেছে ফ্রাঞ্চাইজিটি।
পিএসএল খেলতে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্রের (এনওসি) আবেদন করেছেন মিরাজ। তার অনাপত্তিপত্র চাওয়ার খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস।
তবে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি। শাহরিয়ার নাফীস জানিয়েছেন, অনাপত্তিপত্রের জন্য আজ (সোমবার) সকালে আবেদন করেছেন মিরাজ। তবে এখনো এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
বাংলাদেশ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতে টি–টোয়েন্টি সিরিজ খেললেও দলে নেই মিরাজ। বিসিবির অনাপত্তিপত্র পেলে প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন এই টাইগার অলরাউন্ডার।