লস অ্যাঞ্জেলেস পুলিশ মঙ্গলবার রাতে জানিয়েছে, অভিবাসী গ্রেফতারের বিরুদ্ধে কয়েকদিনের টানা বিক্ষোভের পর রাতভর কারফিউ জারির পর শহরের উপকণ্ঠে রাস্তায় লোক জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ‘গণ গ্রেফতার’ চলছে। খবর বাসসের।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ এক্সে-এক পোস্টে লিখেছে, কারফিউ কার্যকর বলবৎ থাকায় ‘এই অভিবাসী দলগুলোকে মোকাবিলা করা হচ্ছে এবং গণ গ্রেফতার শুরু হচ্ছে।’
এর আগে, ক্যালিফোর্নিয়ায় অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে শহরের ডাউনটাউনে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস শহরের নির্দিষ্ট এলাকায় রাত্রীকালীন কারফিউ জারি করেন।
মেয়র ব্যাস বলেন, ‘কারফিউ রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে এবং এটি প্রায় এক বর্গমাইলজুড়ে ডাউনটাউন এলাকা কভার করবে।’
কারফিউ কয়েকদিন স্থায়ী হতে পারে বলেও জানান তিনি।
লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডোনেল বলেন, ‘টানা কয়েকদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা বেড়ে যাওয়ায় জীবন ও সম্পদ সুরক্ষায় এ কারফিউ অত্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা। শনিবার থেকে শহরে অবৈধ ও বিপজ্জনক আচরণ উদ্বেগজনকভাবে বেড়েছে।’
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার বিক্ষোভকারীদের ‘পেশাদার উসকানিদাতা’ ও ‘জন্তুর’ সঙ্গে তুলনা করেছেন। মঙ্গলবার উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে সেনাবাহিনীর সদস্যদের সামনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় সেনারা কিছু ক্ষেত্রে করতালি ও উল্লাসে সাড়া দেন।
লস অ্যাঞ্জেলেসে মার্কিন মেরিন সেনাদের মোতায়েনে একদিন পরই ট্রাম্পের এ মন্তব্য আসে। ইতোমধ্যে শহরের বিভিন্ন অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রায় চার হাজার ন্যাশনাল গার্ড সদস্যকেও মোতায়েন করা হয়েছে।