বহু মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে প্রশংসিত হয়েছেন এই প্রজন্মের আলোচিত মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। তিনি এবার কলি সরকারের নতুন গান ‘রূপনগরের রানী’ গানের মিউজিক ভিডিওতে নাম ভূমিকায় মডেল হিসেবে কাজ করেছেন।
এরইমধ্যে গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এমএইচ রিজভী।

গানটির মিউজিক ভিডিওতে ‘রূপনগরের রানী’র ভূমিকায় কাজ করে ভীষণ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা জামান। তিনি বলেন, ‘বিগত দিনে আমি যত মিউজিক ভিডিওতে কাজ করেছি তারমধ্যে কলি সরকারের গাওয়া রূপনগরের রানী গানটির মিউজিক ভিডিও আমার কাছে মনে হয়েছে আমার করা অন্যতম সেরা একটি কাজ। এর বেশ কয়েকটি কারণও আছে।

কলি সরকারের গান মানেই শ্রোতা-দর্শকদের কাছে ভীষণ ভালোলাগার। দ্বিতীয়ত হলো যেহেতু রূপনগরের রানীর ভূমিকায় আমি মডেল হয়েছি তাই আমাকে যথেষ্ট গ্ল্যামারাসভাবে উপস্থাপন করা হয়েছে। যাতে আমি ভীষণ খুশী। আর আমি আমার সেরা পারফর্ম্যান্সটাই দেবার চেষ্টা করেছি।
গানটাও সুন্দর। পরিচালক রিজভীও অনেক শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন। সবমিলিয়ে এই গানটি নিয়ে বিশেষ আমার পারফর্ম্যান্স নিয়ে আমি ভীষণ আশাবাদী। আশা করছি শ্রোতা-দর্শকদের ভীষণ ভালো লাগবে।’

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা কামরুল হুদার রচনায় ও কামরুল হাসান সুজনের পরিচালনায় প্রিয়াঙ্কা ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘মার্ডার’-এর কাজ শেষ করেছেন। সুনামগঞ্জে শুটিং করে ভীষণ উচ্ছ্বসিত ও পুলকিত প্রিয়াঙ্কা। ‘মার্ডার’ ধারাবাহিকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
এছাড়াও প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ডিপজল প্রযোজিত ‘যেমন জামাই তেমন বউ’। তবে প্রিয়াঙ্কা অভিনীত তিনটি সিনেমা শিগগিরই মুক্তি পাবে। সেগুলো হচ্ছে মান্নান গাজীপুরীর ‘কী করে বলবো তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রনা’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামী’।

এর আগে আড়ং-এর বিলবোর্ডে প্রথম দেখা মিলেছে প্রিয়াঙ্কার। জনপ্রিয় অভিনেতা অপূর্ব’র সঙ্গেও একটি প্রতিষ্ঠানের রডের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।