তিন দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগামী ২৩ আগস্ট শুরু হবে তার দুই দিনের ঢাকা সফর। সফরের অংশ হিসেবে ২৪ আগস্ট তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সফরের দ্বিতীয় দিনে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে পারেন।
রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে সফরটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। গত এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ ঢাকায় এসেছিলেন সম্পর্ক পুনরুজ্জীবনের উদ্দেশ্যে। সেই ধারাবাহিকতায় এবার ইসহাক দার বাংলাদেশ সফর করছেন।
এ সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় রাজনৈতিক যোগাযোগ পুনরায় সক্রিয় করার পাশাপাশি নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে। ধারণা করা হচ্ছে, সফরকালে ইসহাক দার দেশের বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গেও বৈঠকে বসতে পারেন।
গত ২ আগস্ট এক বিবৃতিতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিশ্চিত করেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ২৩ আগস্ট ঢাকা সফরে আসছেন। তবে আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি বলেও তিনি জানান।
বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসা পরিবর্তনের পর পাকিস্তান নতুন কৌশলে দ্বিপক্ষীয় সম্পর্ককে সক্রিয় করতে উদ্যোগ নিচ্ছে।
পাকিস্তান সফর শেষে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক আয়োজনেরও প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। এই যৌথ কমিশনের সর্বশেষ বৈঠক হয়েছিল ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে ঢাকায়।
উল্লেখ্য, ইসহাক দারের মূলত এপ্রিলের শেষ সপ্তাহে ঢাকা আসার কথা থাকলেও, কাশ্মীরে সহিংস ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনার কারণে সেই সফর স্থগিত হয়েছিল। অবশেষে ২৩ আগস্ট নতুন তারিখে সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।