জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ অনুষ্ঠিত হচ্ছে। এর মূল মঞ্চ, সাউন্ড ও লাইটিংসহ সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সোমবার রাত থেকেই নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। অনুষ্ঠানস্থল এবং তার আশপাশের এলাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ এবং র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান এবং র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার।
সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে রাত পর্যন্ত। বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন, যা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে আধুনিক প্রযুক্তির বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় থাকছে ব্যান্ডদলের পরিবেশনা। অনুষ্ঠানকে ঘিরে সম্ভাব্য বৃষ্টির বিষয় মাথায় রেখে সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ জানিয়েছেন, ওয়াটারপ্রুফ সাউন্ড সিস্টেম প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, জনসমাগমের কারণে যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকায় ট্রাফিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি। এ বিষয়ে কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে সকলকে আগেই সতর্ক করা হয়েছে।