অনিয়ম, চুক্তিভঙ্গ এবং আর্থিক জবাবদিহির অভাবে বাতিল করা হয়েছে সরকারি ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম ‘বিনিময়’। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। মূলত নানা অভিযোগ ও দীর্ঘদিন ধরে আর্থিক অনাদায়ের কারণে প্ল্যাটফর্মটির কার্যক্রম স্থগিত করা হয়।
২০২২ সালের নভেম্বরে ‘বিনিময়’ যাত্রা শুরু করেছিল ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে সহজ লেনদেনের উদ্দেশ্যে। এটি তৈরি করে আইসিটি বিভাগের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি (আইডিইএ), ব্যয় হয় প্রায় ৬৫ কোটি টাকা। লক্ষ্য ছিল নগদ লেনদেন কমিয়ে ক্যাশলেস ইকোনমিতে সহায়তা করা।
তবে শুরু থেকেই ‘বিনিময়’-এর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব, স্বচ্ছতার অভাব এবং ব্যবস্থাপনায় দুর্বলতা নিয়ে প্রশ্ন ওঠে। বাংলাদেশ ব্যাংকের ভাষ্য, প্ল্যাটফর্মটি চালু করতে চাপ প্রয়োগ করা হয়েছিল এবং চুক্তি অনুযায়ী গত কয়েক মাসে কোনও ফি পরিশোধ করা হয়নি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, “প্ল্যাটফর্মটি আমাদের ইচ্ছার বিরুদ্ধে চালু করতে হয়েছিল, এখন সেটি স্থগিত করা হয়েছে।”
২০১৯ সালের এক চুক্তিতে বলা হয়েছিল, কেন্দ্রীয় ব্যাংক এটি পরিচালনা করবে এবং ব্যয়ভার বহন করবে সরকার। কিন্তু গত সাত-আট মাস ধরে কোনো অর্থ দেওয়া হয়নি।
তবে আশার কথা হলো, গেটস ফাউন্ডেশনের সহায়তায় যুক্তরাষ্ট্রভিত্তিক ওপেন সোর্স প্রতিষ্ঠান মোজালুপের সঙ্গে অংশীদারিত্বে একটি নতুন আন্তঃব্যবহারযোগ্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম তৈরির কাজ চলছে। ভারতের ইউপিআই-এর আদলে তৈরি এই প্ল্যাটফর্মটি চলতি বছরেই চালু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
‘বিনিময়’ ব্যবহার করছিল আটটি ব্যাংক, তিনটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং দুটি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার। তবে সীমিত সুবিধা, দুর্বল প্রচার এবং ব্যাংকগুলোর আগ্রহের অভাবে প্ল্যাটফর্মটি জনপ্রিয়তা পায়নি।