ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলী বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তাঁদের ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে পারিবারিক সময় কাটানোর মুহূর্তের কিছু ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিগুলোতে দেখা যায়, শাকিব ও বুবলী বেশ স্বাচ্ছন্দ্য পরিবেশে সময় কাটাচ্ছেন, যা দেখে অনেকেই মনে করছেন—পুরনো সম্পর্কে নতুন করে জোয়ার এসেছে।
এই ছবিগুলোকে কেন্দ্র করে তৈরি হওয়া আবেগঘন আবহে এবার মুখ খুলেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। বন্ধু দিবসে নিজের ফেসবুকে তারকা জুটির ছবি পোস্ট করে তিনি লিখেছেন,
“শাকিব খান, শবনম বুবলী, শেহজাদ খান বীর—অনেক অভিনন্দন। এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এসে গেল। কিছু সম্পর্ক থাকে, যেগুলোর টান সময় বা দূরত্ব থামাতে পারে না।”
তিনি আরও লেখেন,
“তারা হয়তো দুটি মুখ, কিন্তু গল্পটা সবসময়ই একটাই ছিল। বীরের মা-বাবা হিসেবে তাদের সম্পর্কটিই আসল এবং সুন্দর। এই ফিরে আসা আসলে চিরস্থায়ী এক সম্পর্কের প্রতিচ্ছবি।”
চয়নিকার এই আবেগঘন স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় বুবলী মন্তব্য করেন,
“আপুনি, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তুমি এত সুন্দর করে লিখো কীভাবে? অনেক ভালোবাসা তোমাকে।”
অন্যদিকে, শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসও এ প্রসঙ্গে পরোক্ষভাবে মন্তব্য করেছেন। এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তিনি ১৫ জুন ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসের মাধ্যমেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
এই ঘটনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। কেউ কেউ বলছেন—এটি ‘নতুন এক অধ্যায়ের সূচনা’, আবার কেউ বলছেন—‘এটাই সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার।’