তথ্য পাচার ও প্রতারণার অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক সিইও আপেল মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি দায়ের করেছে প্রতিষ্ঠানটিই। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) লাইফ সদস্য আপেল মাহমুদ, ফারইস্ট লাইফের আইটি ইনচার্জ লোকমান ফারুক এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ওসমান গনি।
মামলাটি ৪ আগস্ট শাহবাগ থানায় দায়ের করেন কোম্পানির আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন। এটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ১৯, ২১ ও ২২ ধারায় রুজু করা হয়েছে।
মামলার অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্তরা নিজেদের আর্থিক সুবিধার জন্য পরস্পর যোগসাজশে কোম্পানির প্রধান কার্যালয়ের ডিজিটাল ডিভাইসে অবৈধভাবে প্রবেশ করেন এবং ৫৫ হাজার ৮৬ জন কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে পাচার করেন। এসব তথ্যের মধ্যে ছিল জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্বর, বেতন-ভাতা এবং কর্মচারীর আইডি নাম্বার।
তথ্য পাচারের কারণে কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের জীবন ও সম্পদ এখন হুমকির মুখে, এমনটাই দাবি করা হয়েছে এজাহারে।