প্রবাসীদের জন্য আরও সহজ, দ্রুত এবং সাশ্রয়ী উপায়ে রেমিট্যান্স পাঠানোর সুযোগ নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল মানি ট্রান্সফার প্ল্যাটফর্ম না’লা। এই অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো দেশ থেকে বাংলাদেশের বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে টাকা পাঠানো যাচ্ছে।
না’লা কর্তৃপক্ষ জানায়, অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় তাদের এক্সচেঞ্জ রেট সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং ট্রান্সফার ফি একেবারেই শূন্য। অর্থাৎ, গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ রেট এবং সম্পূর্ণ ফি-মুক্ত লেনদেন সুবিধা।
সহজ ইন্টারফেস এবং উন্নত প্রযুক্তির সংমিশ্রণে, না’লা অ্যাপে ব্যবহারকারীরা খুব সহজেই দ্রুত ও নিরাপদ অর্থ প্রেরণ করতে পারছেন। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশের স্থানীয় ব্যাংক ও এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলেছে, যার ফলে টাকা পাঠানো আরও দ্রুত ও নির্ভরযোগ্য হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও ইতালি সহ মোট ২১টি দেশে না’লা সক্রিয় রয়েছে এবং এসব দেশ থেকে বাংলাদেশে অর্থ পাঠানো আগের চেয়ে অনেক সহজ হয়ে উঠেছে।
না’লা-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও বেনজামিন ফার্নান্দেজ বলেন, “বাংলাদেশ আমাদের এশিয়ান মার্কেটের জন্য একটি প্রধান গন্তব্য। এখানকার প্রবাসী সম্প্রদায়ের শক্তিশালী উপস্থিতি ও চাহিদা আমাদের সিদ্ধান্তকে উৎসাহিত করেছে।”
আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মেই অ্যাপটি পাওয়া যাচ্ছে। এছাড়া, না’লা বৈশ্বিক রেগুলেটরি মানদণ্ড মেনে চলে, ফলে ব্যবহারকারীদের সকল লেনদেন থাকে নিরাপদ ও বৈধ।