ইসি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে এবং তফসিল ঘোষণার ৬০ দিনের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) নির্বাচন কমিশনের বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। তিনি বলেন, প্রবাসী ভোটারদের অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোটের যোগ্যতা অর্জন করতে হবে এবং তাদের কাছে প্রতীকসংবলিত ব্যালট পাঠানো হবে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই।
ইসি সূত্র জানায়, এবারের জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর অপব্যবহার নিষিদ্ধ থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ডিপফেইক ভিডিও, এডিট অডিও, অপপ্রচারমূলক কনটেন্ট বা চেহারা বিকৃতির মতো কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে। এসব অপরাধে সাইবার অপরাধ ও ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস জানিয়েছেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। আগামী নির্বাচনের প্রস্তুতির জন্য ইসিকে ইতোমধ্যেই আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির রমজানের আগেই ভোট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।