গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মৃত তিনজনের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। নারীর বয়স ২২ বছর, পুরুষদের মধ্যে একজনের বয়স ৫৩ এবং অন্যজনের ১৮ বছর।
গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে—সংখ্যা ৯৪ জন। এছাড়া বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৭৩ জন, ঢাকা বিভাগের অন্য জেলাগুলোতে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, রাজশাহীতে ৫২ জন, খুলনায় ৩৭ জন, ময়মনসিংহে ২৫ জন, রংপুরে ৭ জন এবং সিলেটে ৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন, যার মধ্যে ৫৫ জন পুরুষ এবং ৪০ জন নারী। একই সময়ে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ২২০ জন, যার মধ্যে শুধু জুলাই মাসেই ভর্তি হয়েছেন ১০ হাজারেরও বেশি রোগী।