অভিনেত্রী, সংগীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এই শিল্পী এক সময় দলীয় মনোনয়নও চেয়েছিলেন। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী দেশত্যাগের পর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করেছিল। জিজ্ঞাসাবাদ শেষে মুক্তি পেলেও শাওন সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় রয়েছেন।
গত রবিবার (১০ আগস্ট) ফেসবুকে দেওয়া একটি পোস্টে শাওন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে সমালোচনা করেন। তিশা বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র মুজিব: একটি জাতির রূপকার-এ শেখ ফজিলাতুন্নেসার চরিত্রে অভিনয় করেছিলেন। শাওন পোস্টে তিশার কয়েকটি ভিডিও ক্লিপ ও শেখ হাসিনা এবং মন্ত্রীদের সঙ্গে তার ছবি সংযুক্ত করেন।
পোস্টে শাওন উল্লেখ করেন, ছোটবেলা থেকে তিশাকে চিনতেন তিনি। একই গানের শিক্ষকের কাছে তালিম নেওয়া, নাটকে একসঙ্গে কাজ করা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে তিশার ঘনিষ্ঠতা সম্পর্কেও লেখেন। মুজিব সিনেমাটি দেখার আগ্রহ নেই বলে জানান তিনি এবং বাস্তব জীবনের তিশার আচরণকেই “অভিনয়” হিসেবে অভিহিত করেন। পোস্টের শেষে তিনি হ্যাশট্যাগে লেখেন— নাটক কম করো পিও।
তিশাকে নিয়ে শাওনের এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়। তবে এ বিষয়ে নুসরাত ইমরোজ তিশা এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।