দেড় মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ১৪০৬ নম্বর ফেজ থেকে আনুষ্ঠানিকভাবে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে। এই নতুন ফেজ থেকে মোট ৩.৯৪ লাখ টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ব্যবস্থাপনা পরিচালক মো. আবু তালেব ফারাজি রোববার বিকেলে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার থেকে ট্রায়াল উৎপাদন শুরু হলেও রোববার দুপুর ১২টা থেকে পূর্ণমাত্রায় কয়লা উত্তোলন শুরু হয়েছে।
গত ২৩ জুন ১৩০৫ নম্বর পুরোনো ফেজের কয়লার মজুত শেষ হওয়ায় কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ ছিল। তবে নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণ শেষে উত্তোলন পুনরায় চালু করা হয়েছে।
মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী খান মো. জাফর সাদিক জানান, প্রথম দিকে দৈনিক ১৫০০ থেকে ২০০০ টন কয়লা উত্তোলনের পরিকল্পনা রয়েছে। পরে তা বাড়িয়ে ৩০০০ থেকে ৩৫০০ টন করার লক্ষ্যমাত্রা রয়েছে। উত্তোলিত কয়লা সরাসরি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হবে।