পটুয়াখালীর দশমিনায় বিএনপি নেতার ঘরে গত শুক্রবার গভীর রাতের দিকে সংঘটিত হয়েছে এক ভয়াবহ ডাকাতির ঘটনা। উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী বাজার সংলগ্ন পঞ্চায়েত বাড়িতে রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাত ১৫ থেকে ২০ জন ডাকাত প্রবেশ করে।
দশমিনা উপজেলা বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাইরুল ইসলাম ও তার পরিবার ওই বাড়িতে ছিলেন। ডাকাতদল বারান্দা দিয়ে দোতলার পাটাতনে প্রবেশ করে এবং নীচে নেমে সামনে দরজা খুলে দেয়। এরপর ঘরে ঢুকে শাইরুল, তার বৃদ্ধ পিতা আবুল হোসেনকে বেঁধে ফেলে এবং তাদের ওপর নির্মম নির্যাতন চালায়।
ডাকাতদের একজন শাইরুলের ১৫ দিনের শিশুপুত্রকে তুলে নিয়ে মাথার উপরে আছাড় দিয়ে মারা ভয় দেখায়। এসময় পরিবারের সদস্যরা মারাত্মকভাবে আক্রান্ত হন। সন্তান ও পরিবারের নিরাপত্তার জন্য শাইরুল আলমারির চাবি দেখালে ডাকাতরা ঘরে থাকা ৯ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে নিয়ে যায়।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ডাকাতদলের সদস্যরা শর্ট প্যান্ট, কালো গেঞ্জি, কালো মোজা ও মুখে কালো মাস্ক পরিহিত ছিল।
শাইরুল ইসলাম জানান, দশমিনায় সম্ভ্রান্ত পঞ্চায়েত বাড়িতে এ ধরনের ঘটনা প্রথমবারের মতো ঘটেছে। তিনি ঘটনার বিচার চান এবং আইনের আশ্রয় নেবেন।
অন্যদিকে দশমিনা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও শাইরুলের চাচাত ভাই মাসুদুর রহমান জানান, কয়েক মাস ধরে এলাকায় ডাকাতি ও মাদক সন্ত্রাসের ঘটনা বেড়েই চলেছে। তিনি পুলিশকে আরও জোরদার টহলদারি করার আহ্বান জানিয়েছেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলীম বলেন, ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।