বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে গত কয়েক দিন ধরে অপরিবর্তিত রয়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সোমবার (১১ আগস্ট) এ সমন্বিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
গত ২৪ জুলাই রাতের এক বিজ্ঞপ্তিতে বাজুস এই দাম সমন্বয়ের ঘোষণা দেয়। নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।
এর আগে ২৩ জুলাই দাম বাড়িয়ে ২৪ জুলাই থেকে কার্যকর করা হয়েছিল নতুন তালিকা, যেখানে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা।
এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ১ হাজার ৭২৬ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে, আর কমেছে ১৬ বার। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৬২ বার; যেখানে ৩৫ বার বৃদ্ধি এবং ২৭ বার হ্রাস করা হয়েছিল।