বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে বেসরকারি খাতে ৫ লাখ টন সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতি চেয়ে খাদ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে। রবিবার (১০ আগস্ট) পাঠানো এই চিঠিতে ২৪২টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
প্রস্তাবিত চালের মধ্যে সিদ্ধ চাল ৪ লাখ ৬১ হাজার টন এবং আতপ চাল ৩৯ হাজার টন। আমদানিকৃত চালের সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানা থাকতে পারবে বলে শর্তে উল্লেখ রয়েছে।
শর্ত অনুযায়ী বরাদ্দ পাওয়া আমদানিকারকদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে চাল বাজারজাত করতে হবে। আমদানির পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে।
বরাদ্দের বাইরে অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু করা যাবে না এবং আমদানিকৃত চাল অন্য প্রতিষ্ঠানের নামে পুনঃপ্যাকেটজাত করা যাবে না। এছাড়া আমদানিকৃত চাল কেবল বস্তায় বিক্রি করতে হবে বলেও শর্তে বলা হয়েছে।