২০২৫-২৬ করবর্ষে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার এনবিআরের বিশেষ আদেশে পাঁচটি ক্ষেত্রে কাগজভিত্তিক রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে।
আদেশে বলা হয়েছে, এই শ্রেণির করদাতারা ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন, তবে বাধ্যতামূলক নয়। আয়কর আইন ২০২৩-এর ধারা ৩২৮(৪) অনুযায়ী এই সিদ্ধান্ত ৪ আগস্ট থেকে কার্যকর হয়েছে।
অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়েছেন — ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।
এসব করদাতা ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। অন্যদিকে, যেসব করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনে সমস্যায় পড়ছেন এবং অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন না, তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনের পর তারা কাগজভিত্তিক রিটার্ন দাখিল করতে পারবেন।