ভারতীয় কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে আদালতে অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, বিজেপির দুই সংসদ সদস্য তাকে হুমকি দিয়েছেন যে, তার ‘দাদির (ইন্দিরা গান্ধী) মতো পরিণতি’ হতে পারে।
এই হুমকি এসেছে ২০২২ সালের ‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালীন রাহুল গান্ধীর বিনায়ক দামোদর সাভারকরের প্রসঙ্গে মন্তব্যের প্রেক্ষিতে। মহারাষ্ট্রের নাসিকের আদালত ২৪ জুলাই হিন্দুত্ববাদী মতাদর্শী সাভারকরের বিরুদ্ধে দেওয়া মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মানহানি মামলায় তাকে জামিন দিয়েছেন।
মামলাটি দায়ের করেছিলেন নাসিকের বাসিন্দা ও অলাভজনক সংস্থার পরিচালক দেবেন্দ্র ভূটাডা। তিনি অভিযোগ করেছেন, হিঙ্গোলিতে সংবাদ সম্মেলন ও যাত্রার সময় রাহুল গান্ধী সাভারকরের সুনাম ক্ষুণ্ণ করেছেন।
রাহুল গান্ধীর আইনজীবী মিলিন্দ পাওয়ার জানিয়েছেন, কংগ্রেস আদালতে একটি আলাদা আবেদন জমা দিয়েছে যাতে সাম্প্রতিক রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটও বিচার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত থাকে।
আইনজীবীর অভিযোগ, হুমকি দেয়ার পেছনে থাকা সংসদ সদস্যরা সাভারকরের অনুসারী, এবং তাদের রাজনৈতিক অবস্থান ও পরিচয় অনুযায়ী রাহুল গান্ধীর ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি আদালতের কার্যবিবরণীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
আদালত আবেদনটি গ্রহণ করেছে এবং পরবর্তী শুনানি আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।