বিশ্বের সেরা ও সুন্দরী অভিনেত্রীদের নিয়ে ২০২৫ সালের জন্য একটি বিশেষ তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় আন্তর্জাতিক চলচ্চিত্র তথ্যভান্ডার আইএমডিবি। তালিকায় স্থান পাওয়া প্রতিটি অভিনেত্রী তাদের নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছেন এবং কেবল সৌন্দর্যের জন্যই নয়, বরং অসাধারণ অভিনয় দক্ষতার জন্যও সবার নজর কাড়ছেন।
ভারতের হয়ে এ তালিকায় স্থান পেয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। তালিকায় তিনি চতুর্থ স্থানে রয়েছেন। কৃতির অভিনয় ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হলো ২০২১ সালের ‘মিমি’ সিনেমা, যেখানে তিনি একজন সারোগেট মায়ের চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বর্তমানে তিনি আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের মতো শীর্ষ অভিনেত্রীদের কড়া প্রতিযোগিতা দিচ্ছেন। শিগগিরই তাকে ধনুশের সঙ্গে ‘তেরে ইশক মে’ ছবিতে দেখা যাবে, যা পরিচালনা করছেন আনন্দ এল রাই (‘রাঁঝানা’ খ্যাত পরিচালক)।
এ তালিকায় ভারতের আগে তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তিনি তার সৌন্দর্য ও প্রাণবন্ত অভিনয়ের জন্য দর্শকপ্রিয়তা পেয়েছেন। তালিকার প্রথম স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ম্যাককেনা গ্রেস, দ্বিতীয় স্থানে জুলিয়া বাটার্স (যুক্তরাষ্ট্র), পঞ্চম স্থানে ন্যান্সি ম্যাকডোনি (মার্কিন যুক্তরাষ্ট্র/দক্ষিণ কোরিয়া), ষষ্ঠ স্থানে চীনের দিলরাবা দিলমুরাত, সপ্তম স্থানে যুক্তরাষ্ট্রের শৈলেন উডলি, অষ্টম স্থানে অস্ট্রেলিয়ার মার্গো রবি, নবম স্থানে কিউবা-স্পেনের আনা দে আর্মাস এবং দশম স্থানে যুক্তরাজ্যের এমা ওয়াটসন।
আইএমডিবি’র এ তালিকা সৌন্দর্য ও প্রতিভার এক বৈশ্বিক মেলবন্ধনকে তুলে ধরেছে, যেখানে প্রতিটি দেশের প্রতিনিধিত্ব করেছেন তাদের সবচেয়ে আকর্ষণীয় ও প্রভাবশালী অভিনেত্রীরা।