ক্রিপ্টোকারেন্সি বাজারে আবারও ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) শূন্য দশমিক ৯ শতাংশ বৃদ্ধির মাধ্যমে বিটকয়েনের মূল্য ১ লাখ ২৪ হাজার মার্কিন ডলার অতিক্রম করেছে। চলতি বছরে এ পর্যন্ত ৩২ শতাংশ দাম বেড়েছে এই ডিজিটাল মুদ্রাটির, আর গত এক বছরে বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১০৫ শতাংশেরও বেশি। শুধু এক সপ্তাহেই প্রায় ৭ শতাংশ লাফ দিয়েছে বিটকয়েন।
বিটকয়েনের পাশাপাশি ইথেরিয়ামেও রেকর্ড বৃদ্ধি হয়েছে। বর্তমানে ৪ হাজার ৭৮০ ডলারে লেনদেন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি জগতের দ্বিতীয় জনপ্রিয় এই মুদ্রা।
বাইন্যান্সের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে—এক সপ্তাহে ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে এটি এখন ৮০০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে সোলানার মূল্য ৯ দশমিক ৪৫ শতাংশ বেড়ে প্রায় ১৮০ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বিটকয়েনের এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি কোনো হঠাৎ ঘটনা নয়। যুক্তরাষ্ট্রে দ্রুত ঋণ বৃদ্ধির প্রবণতা এর অন্যতম প্রধান কারণ। অর্থনীতি শক্তিশালী হোক বা মন্দায় থাকুক, ঋণের প্রবাহ সোনা ও বিটকয়েনের মতো সম্পদকে আরও শক্তিশালী করছে।