আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্পষ্ট করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত সময়সূচি থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের। এটি কোনো দলের বিষয় নয়। সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।”
এক প্রশ্নের জবাবে অধ্যাপক আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে। এটি একটি রাজনৈতিক প্রক্রিয়া। দীর্ঘদিন ধরে এ ধরনের কথাবার্তা চলমান, এখনো তেমনই অব্যাহত। নির্বাচনের সময় কে কি বলবে, তা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখলে ভালো।”
তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা সর্বজন স্বীকৃত একজন বিশ্বমানের ব্যক্তিত্ব। তার ঘোষণার প্রতি সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং ঘোষণার সময়সূচি থেকে পিছিয়ে আসার কোনো চিন্তা নেই।
এছাড়া, দুদক ও নির্বাচন কমিশনের সংস্কারের জন্য যেসব সুপারিশ এসেছে, তা বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন হবে। আজ থেকেই এ বিষয়ে কাজ শুরু করা হয়েছে।