ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) নাম পরিবর্তন করে এখন থেকে ঢাকা বাণিজ্যমেলা (ডিটিএফ) নামে পরিচিত হবে। সোমবার (১৮ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর ১৪৮তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব (রপ্তানি) আবদুর রহিম খান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং মেট্রো চেম্বারের সভাপতি কামরান তানভীর রহমানসহ অন্যান্যরা।
সভায় জানানো হয়, ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজনের মূল লক্ষ্য ছিল বিদেশি প্রতিষ্ঠানসমূহের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা। এতে গুণগতমানসম্পন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন এবং স্থানীয় বাজারের সঙ্গে বিশ্ববাজারের সংযোগ ঘটানোর পরিকল্পনা ছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক বিদেশি প্রতিষ্ঠান সরাসরি অংশ না নিয়ে স্থানীয় এজেন্ট বা প্রতিনিধি মারফত অংশ নিচ্ছে। এতে পণ্যের গুণগতমান যাচাই করা যাচ্ছে না, অনেক সময় মানহীন পণ্য বিদেশি ব্র্যান্ডের নামে উপস্থাপন করা হচ্ছে। ফলে ক্রেতারা প্রতারিত হচ্ছেন এবং মেলার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
এর প্রভাব হিসেবে বিদেশি ক্রেতা ও দর্শনার্থীদের আগ্রহ কমছে। একইসঙ্গে স্থানীয় উদ্যোক্তারা বৈশ্বিক ট্রেন্ড ও প্রযুক্তি শিখতে পারছেন না। ফলে আন্তর্জাতিক ব্র্যান্ড ইমেজ দুর্বল হয়ে পড়ছে। এসব কারণে এখন থেকে প্রদর্শনীটি ঢাকা বাণিজ্যমেলা নামে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া সভায় ২০২৫-২৬ অর্থবছরের মেলা ক্যালেন্ডার এবং ২০২৬-২৭ অর্থবছরের আংশিক মেলা ক্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়। বর্তমানে পূর্বাচলে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ ব্যবস্থাপনায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।