মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান পেইজ ডেভেলপমেন্ট সেন্টার এর ২ লাখ ১০ হাজার সদস্য এখন বিকাশ অ্যাপের মাধ্যমে তাদের সঞ্চয় এবং ঋণের কিস্তি সহজ, দ্রুত ও নিরাপদভাবে জমা দিতে পারবেন। বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ আইকনে ট্যাপ করে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই সদস্যরা তাদের লেনদেন সম্পন্ন করতে পারছেন।
এই সুবিধার ফলে বর্তমানে পেইজ ডেভেলপমেন্ট সেন্টারসহ ৬৪টি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের প্রায় আড়াই কোটি সদস্য বিকাশের মাধ্যমে তাদের সঞ্চয় ও ঋণের কিস্তি জমা দিতে সক্ষম হবেন।
সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকাশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, ই-ভিপি ও হেড অফ বিজনেস সেলস মাশরুর চৌধুরী। পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ইউনুস, ডিরেক্টর মো. মুজিবুর রহমান, মো. এ ডব্লিউএম ওয়াহিদুজ্জামান ও মো. আব্দুর রউফ ভুঁইয়া। এছাড়া মাইক্রোফাইন্যান্স পেমেন্টের ভিপি তারিকুল ইসলামও অনুষ্ঠানে ছিলেন।
পেইজ ডেভেলপমেন্ট সেন্টার দেশে ১৬২টি শাখার মাধ্যমে ২ লাখ ১০ হাজারের বেশি সদস্যকে সেবা প্রদান করছে। এই নতুন ডিজিটাল সেবা গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী সদস্যদের জন্য আর্থিক লেনদেনকে আরও সহজ, দক্ষ ও নিরাপদ করবে। ফলে, সদস্যদের আর শাখায় গিয়ে নগদ লেনদেন করতে হবে না; ঘরে বসেই বিকাশ অ্যাপের মাধ্যমে যেকোনো সময়ে পেমেন্ট করতে পারবে।
এই অংশীদারিত্ব পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের আর্থিক ব্যবস্থাপনাকে সহজ, স্বচ্ছ ও ঝামেলাহীন করবে। এছাড়া সদস্যদের ঋণ ও সঞ্চয়ের কিস্তি সংগ্রহ নিরবচ্ছিন্ন ও ঝামেলামুক্ত হবে। এই উদ্যোগ মাইক্রোফাইন্যান্স খাতে বিকাশের ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি করবে এবং সারা দেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি আরও এগিয়ে নেবে।