গত মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা অভিযোগ করেন, ‘ট্রাভেল ট্র্যাকারস’ নামের একটি ভ্রমণ এজেন্সি অনুমতি ছাড়াই তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করছে।
প্রভার দাবি, এই প্রতিষ্ঠান তার কোনো ছবি বা ভিডিও ব্যবহারের অনুমতি নেয়নি। অথচ তারা বিজ্ঞাপন প্রচারের জন্য বারবার তার ভ্রমণের মুহূর্তগুলো কাজে লাগাচ্ছে।
প্রভা ভিডিও বার্তায় বলেন—
“আমি কখনো ট্রাভেল ট্র্যাকারসের কোনো সার্ভিস ব্যবহার করিনি। তাদের সঙ্গে আমার কোনো ব্যবসায়িক বা ব্যক্তিগত সম্পর্কও নেই। ভ্রমণে গেলে নিজের টাকায় যাই। তারপরও তারা আমার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে নিজেদের ব্র্যান্ডিং করছে। এটি সম্পূর্ণ অনৈতিক।”
তিনি আরও সতর্ক করে বলেন—
“আমার অনুমতি ছাড়া কেন আপনারা আমার ছবি-ভিডিও ব্যবহার করছেন? এই অনুমতি আমি দিইনি। এটি একেবারেই ভুল কাজ।”
এ বিষয়ে ট্রাভেল ট্র্যাকারসের পক্ষ থেকে যোগাযোগ করা হলে, প্রতিষ্ঠানটির কর্মকর্তা কবির ইসলাম বলেন—
“আমি বিষয়টি জানি না। এটি আমাদের সোশ্যাল মিডিয়া টিমের কাজ হতে পারে। তারা ভালো বলতে পারবে।” পরবর্তীতে তাদের টিমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন সাদিয়া জাহান প্রভা। এরপর নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত অভিনয়ের পাশাপাশি তিনি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও গড়ে তুলেছেন। নিউ ইয়র্কের দ্য মেকআপ একাডেমি থেকে তিনি মেকআপ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।