দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন। নিজের অভিজ্ঞতা ও বিভিন্ন সামাজিক ইস্যুতে মত প্রকাশের জন্য তিনি প্রায়শই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সর্বশেষ এক পোস্টে বাঁধন পুরুষ ও পিতৃতন্ত্র নিয়ে নিজের চিন্তাভাবনা শেয়ার করেছেন।

আজমেরী হক বাঁধনের
বাঁধন বলেন, তিনি পুরুষদের ঘৃণা করেন না। বরং ঘৃণা করেন পিতৃতন্ত্রকে, এবং সেই সব নারী-পুরুষকে, যারা এই পদ্ধতিকে টিকিয়ে রাখে। তিনি তার জীবনের কিছু পুরুষের কথাও বিশেষভাবে উল্লেখ করেন, যারা তার ব্যক্তিত্ব গঠনে প্রভাবশালী হয়েছেন। এদের মধ্যে তার বাবা অন্যতম, যিনি তাকে জীবনের নানা ক্ষেত্রে গড়ে তুলেছেন। এছাড়া, ‘রেহানা’ চলচ্চিত্রের পরিচালক সাদও তার জীবনে প্রভাব ফেলেছেন।

তিনি তার দুই ভাইয়ের কথাও উল্লেখ করেন। মতপার্থক্য থাকলেও তারা সবসময় তার পাশে ছিলেন। বাঁধন জানান, শরিয়াহ আইনে মেয়েদের সম্পত্তির সমান ভাগ না পেলেও তার দুই ভাই নিজেদের অংশ সমানভাবে তার সঙ্গে ভাগ করেছেন। তিনি এটিকে তাদের ন্যায্যতা ও ভালোবাসা হিসেবে দেখেন।

পূর্ব অভিজ্ঞতার আলোকে বাঁধন নেতিবাচক ও নিষ্ঠুর পুরুষের কথাও অকপটে শেয়ার করেন। তাদের আচরণ ছিল অসম্মানজনক, সহিংস ও অমানবিক। তবে তিনি বলেন, এই সব অসংগতিই তাকে আরও শক্তিশালী করেছে। “যতই আমাকে ভাঙতে চেয়েছেন, তাদের নিষ্ঠুরতা আমাকে জ্বালিয়ে তুলেছে—অন্যায়ের বিরুদ্ধে আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত করেছে। তারা আমাকে গড়ে তুলেছে,” বলেন বাঁধন।
শেষে বাঁধন আবারও স্পষ্ট করে দেন, “ভুল বুঝবেন না। আমি পুরুষদের অপছন্দ করি না। আমি ঘৃণা করি পিতৃতন্ত্রকে। আর হ্যাঁ, আমি পুরুষদের ভালোবাসি।”