ঢাকা, ২০ আগস্ট ২০২৫ (বুধবার): রাজধানীর খুচরা বাজারে নিত্যপণ্যের দাম যেন আগুনছোঁয়া। বিশেষ করে ডিম, সবজি ও মুরগির দামে চরম অস্থিরতা তৈরি হয়েছে। এক হালি ডিম এখন ৫০ টাকা, ডজনপ্রতি ১৫০ টাকা বিক্রি হচ্ছে। সবজির বাজারেও একই চিত্র—কাঁচা পেঁপে ছাড়া ৭০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না।
কারওয়ান বাজার, বসুন্ধরার জগন্নাথপুর বাজার ও জোয়ার সাহারা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। বিক্রেতারা জানাচ্ছেন, বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষেত থেকে সবজি তুলতে পারছেন না কৃষকরা, ফলে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম।
পটল: কেজি ৮০–১০০ টাকা
টমেটো: কেজি ১৫০–১৮০ টাকা
করলা: কেজি ১০০–১২০ টাকা
চিচিঙ্গা: কেজি ৮০ টাকা
শসা, ঝিঙ্গা ও ধুন্দল: কেজি ১০০ টাকা
ফুলকপি: পিসপ্রতি ১২০ টাকা
মুলা: কেজি ৭০–৮০ টাকা
কাঁচা মরিচ: কেজি ২০০–৩২০ টাকা (কয়েক দিন আগেও ১৫০–১৬০ টাকা ছিল)
চালকুমড়া: পিস ৭০ টাকা
লাউ: পিস ১০০ টাকা
মিষ্টি কুমড়া: কেজি ৪০ টাকা
বেগুন: মানভেদে কেজি ১০০–১৮০ টাকা
কাঁচা পেঁপে: কেজি ৪০ টাকা
কাঁকরোল: কেজি ১০০ টাকা
কচুর মুখি: কেজি ৮০ টাকা
ঢ্যাঁড়স: কেজি ১০০ টাকা
পুঁইশাক: আঁটি ৪০ টাকা
ডাঁটাশাক: আঁটি ৩০ টাকা
কচু: কেজি ৩০ টাকা
গাজর: কেজি ১৪০ টাকা
আলু: মানভেদে কেজি ২৫–৩৫ টাকা
লেবু: এক হালি ৩০–৬০ টাকা
ব্রয়লার মুরগি: কেজি ১৭০–১৮০ টাকা
সোনালি মুরগি: কেজি ৩০০–৩২০ টাকা
বিক্রেতারা বলছেন, “বৃষ্টি ও উৎপাদন কম থাকায় দাম বেশি। শীতকালে দাম কিছুটা কমতে পারে।”
অন্যদিকে, ডিম বিক্রেতারা আড়তদারদের দামের ওপর দায় চাপিয়ে বলছেন, “আমরা বেশি দামে কিনে আনলে কম দামে বিক্রি করা সম্ভব নয়।”
ভোক্তারা অবশ্য বলছেন, বাজারে আসলেই যেন আগুন লেগেছে। সাধারণ চাকরিজীবীরা এ অবস্থায় হিমশিম খাচ্ছেন।