বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য বৃদ্ধি পেয়ে ৩০ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২১ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০,৮৫৬.৭৯ মিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মানদণ্ড অনুযায়ী প্রচলিত বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ হয়েছে ২৫,৮৬১.২২ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে ১৭ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩০,৮০৯.৯৬ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছিল ২৫,৮০৬.৮১ মিলিয়ন ডলার। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ৪৭ মিলিয়ন ডলার, আর বিপিএম-৬ হিসাব অনুযায়ী বেড়েছে প্রায় ৫৫ মিলিয়ন ডলার।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বৈদেশিক ঋণ সহায়তা, রপ্তানি আয়ের প্রবাহ এবং প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। তবে নিয়মিত আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের কারণে রিজার্ভের ওপর চাপও বজায় রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রাখতে রিজার্ভ বৃদ্ধির এ ধারা অব্যাহত রাখা জরুরি। প্রবাসী আয় বাড়ানো, রপ্তানি খাতে বৈচিত্র্য আনা এবং বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।