রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ সকালে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে একটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে—সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ, বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনসহ নানা বিষয়।
বৈঠকে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা এবং মুক্তিযুদ্ধের আগে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া সম্পদের হিস্যা ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ। এছাড়া কৃষি, ব্যবসা-বিনিয়োগ এবং আঞ্চলিক সংযোগ জোরদার নিয়েও আলোচনা হয়।
উভয় দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে। এর আগে শনিবার দুপুরে ঢাকা পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিকেলে তিনি বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন। রোববার সন্ধ্যায় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।