বাংলাদেশের তৈরি পোশাক খাতে আবারও যুক্ত হলো নতুন সবুজ কারখানা। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC) দেশের আরও ৩টি তৈরি পোশাক কারখানাকে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর ফলে বর্তমানে বাংলাদেশের পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৬১টিতে।
বিজিএমইএ (বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি) জানায়, এ পর্যন্ত ২৬১টি কারখানা আন্তর্জাতিক মানের লিড (Leadership in Energy and Environmental Design) সনদ অর্জন করেছে। এর মধ্যে রয়েছে ১০৯টি লিড প্লাটিনাম, ১৩৩টি লিড গোল্ড, ১৫টি লিড সিলভার এবং ৪টি লিড সার্টিফায়েড কারখানা।
নতুন স্বীকৃতি পাওয়া তিনটি কারখানা হলো—
ফয়সাল স্পিনিং মিলস লিমিটেড ইউনিট-১
ফয়সাল স্পিনিং মিলস লিমিটেড ইউনিট-২
ফয়সাল স্পিনিং মিলস লিমিটেড ইউনিট-৩
তিনটি ইউনিটই সমান ৫৮ পয়েন্ট অর্জন করে লিড সিলভার সার্টিফিকেট পেয়েছে।
উল্লেখ্য, লিড সনদ অর্জন করতে হলে ভবন ও কারখানাকে পরিবেশবান্ধব নির্মাণ, বিদ্যুৎ সাশ্রয়, পানি ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, কর্মপরিবেশ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চমান বজায় রাখতে হয়। সনদ প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ ১১০ পয়েন্টের মধ্যে ৮০ পয়েন্টের বেশি হলে লিড প্লাটিনাম, ৬০–৭৯ পয়েন্টে লিড গোল্ড, ৫০–৫৯ পয়েন্টে লিড সিলভার এবং ৪০–৪৯ পয়েন্টে লিড সার্টিফায়েড স্বীকৃতি দেওয়া হয়।
বাংলাদেশ ইতিমধ্যেই বিশ্বের অন্যতম সবচেয়ে বেশি পরিবেশবান্ধব পোশাক কারখানার দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। নতুন তিনটি কারখানা যুক্ত হওয়ায় এই খাতে টেকসই উন্নয়নের পথ আরও সুদৃঢ় হলো।