দক্ষিণী সিনেমার জনপ্রিয় ও আকর্ষণীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু দীর্ঘ ১৫ বছরের অভিনয়জীবনে ক্যারিয়ারকে দিয়েছেন সর্বোচ্চ গুরুত্ব। তবে এবার নিজের জীবনে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা। অভিনয়ের পাশাপাশি মানসিক ও শারীরিক সুস্থতাকে প্রাধান্য দিতে চান তিনি।

সামান্থা রুথ প্রভু
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে সামান্থা জানিয়েছেন, তিনি আর আগের মতো একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করবেন না। বরং বেছে বেছে কেবল সেই সিনেমাগুলোতে কাজ করবেন, যেগুলো তার কাছে প্রিয় ও মানানসই মনে হবে।

অভিনেত্রীর ভাষায়—
‘আমি এমন কাজই করব যেখানে আমার ভেতর থেকে আগ্রহ আসবে। মানসিক ও শারীরিক ফিটনেস বজায় রাখাটাই এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্যারিয়ারের শুরুর দিকে আমি অনেক প্রোজেক্ট করেছি যেগুলোর জন্য আমি প্রস্তুত ছিলাম না। তবে এখন থেকে কেবল সেই কাজই করব যেগুলো হবে আমার ড্রিম প্রোজেক্ট।’
সামান্থা আরও জানান, তিনি এখন আর একসঙ্গে পাঁচটির বেশি সিনেমার শুটিং করেন না। কারণ তিনি বুঝতে পেরেছেন শরীরের দিকেও খেয়াল রাখা প্রয়োজন। তাই কাজের পরিমাণ কমালেও এখন যে প্রোজেক্টে কাজ করেন, সেখানে শতভাগ দিয়ে কাজ করেন।

বর্তমানে সামান্থা কাজ করছেন “রক্ষিত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম” ছবিতে, যেখানে তার বিপরীতে আছেন আদিত্য রায় কাপুর। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে। পাশাপাশি একটি তেলেগু সিনেমা “শুভম”-এ অতিথি চরিত্রেও অভিনয় করেছেন তিনি। এর আগে তাকে দেখা গেছে স্পাই-থ্রিলার ওয়েব সিরিজ “সিটাডেল: হানি বানি”-তে, যেখানে তিনি বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করেছেন।