বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ায় সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। প্রেমিক অঙ্গদ বেদীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কিছুদিনের মধ্যেই তিনি মা হতে চলেছেন বলে জানতে পারেন। এই সংবাদ প্রকাশের পরই নেটিজেনদের কটাক্ষ শুরু হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা খোলাখুলি জানালেন নিজের অভিজ্ঞতা। তিনি বলেন, শারীরিক পরীক্ষার মাধ্যমে জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। এরপরেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের কয়েক মাস পরেই জন্ম নেয় তাদের কন্যাসন্তান মেহর। তবে বিয়ের আগে মা হওয়ার কারণে এখনো অনেক সমালোচনা তাকে শুনতে হয়।
নেহা ধুপিয়া জানান, অনেকের প্রশ্ন ছিল— কীভাবে বিয়ের ছয় মাসের মধ্যেই সন্তানের জন্ম হলো? উত্তরে নেহা বলেন, তিনি একা নন, আলিয়া ভাট ও নীনা গুপ্তাও বিয়ের আগে মা হয়েছেন। তাদের সঙ্গে একই তালিকায় থাকতে পেরে তিনি বরং গর্ববোধ করেন।
অভিনেত্রীর ভাষায়— “কে কখন বিয়ে করবে বা মা হবে, সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। মাতৃত্ব এক অসাধারণ অনুভূতি, যা কোনো বিতর্কে ঢাকা যায় না।”
উল্লেখ্য, নীনা গুপ্তা বিয়ের আগে মা হয়েছিলেন, আর আলিয়া ভাটও বিয়ের কয়েক মাসের মধ্যেই সন্তানসম্ভবা হওয়ার খবর জানিয়েছিলেন।