দক্ষিণ ভারতের জনপ্রিয় সুপারস্টার জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি ভক্তদের কাছে ‘থালাপতি বিজয়’ নামে বেশি পরিচিত, অভিনয়জগতে রাজত্ব করার পর এবার রাজনীতির মঞ্চেও আলোচনার কেন্দ্রে।
সিনেমার পর্দার নায়ক থেকে তিনি এখন জনতার নায়ক হয়ে উঠেছেন। বিপুল জনপ্রিয়তাকে পুঁজি করে ২০২৪ সালে গড়ে তুলেছেন রাজনৈতিক দল তামিলগা বিজয় কজাহাগম (টিভিকে), যা দক্ষিণ ভারতের রাজনীতিতে মোদির জন্য নতুন মাথাব্যথা হয়ে উঠেছে।

তবে আলোচনায় শুধু বিজয় নন, তার স্ত্রী সঙ্গীতা সর্নালিংগমও সমান গুরুত্বপূর্ণ। তিনি শ্রীলঙ্কান তামিল বংশোদ্ভূত হলেও বড় হয়েছেন যুক্তরাজ্যে। জন্ম ১৯৭৪ সালের ২২ জুন, ভারতের চেন্নাইতে। সঙ্গীতার বাবা ছিলেন ধনী ব্যবসায়ী, আর তার শৈশব কেটেছে লন্ডনের বিলাসী পরিবেশে।
১৯৯৬ সালে বিজয়ের জনপ্রিয় সিনেমা ‘পূভে উনাক্কাগা’ দেখে সঙ্গীতা এতটাই মুগ্ধ হন যে সরাসরি চেন্নাই গিয়ে সেটে তার সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাৎ থেকে শুরু হয় তাদের প্রেমের গল্প। দীর্ঘ তিন বছরের সম্পর্কের পর ১৯৯৯ সালের ২৫ আগস্ট হিন্দু ও খ্রিস্টান ঐতিহ্যের মিশেলে তাদের বিয়ে সম্পন্ন হয়।
তাদের সংসারে দুই সন্তান—জেসন সঞ্জয় (জন্ম ২০০০) এবং দিব্যা সাশা (জন্ম ২০০৫)। সন্তানরা কখনও কখনও সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করলেও তারা মূলত চলচ্চিত্রজগত থেকে দূরে।

সম্পদের দিক থেকেও বিজয় ও সঙ্গীতা সমান আলোচনায় থাকেন। বিজয়ের সম্পদের পরিমাণ আনুমানিক ৬০০ কোটি রুপি, আর সঙ্গীতার সম্পদ প্রায় ৪০০ কোটি রুপি বলে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। তবে অনেক সময় শোনা যায় সঙ্গীতার সম্পদ বিজয়ের থেকেও বেশি—যা কেবলই গুজব।
আজও সঙ্গীতা আলোচনার আড়ালে থাকতেই পছন্দ করেন। তবে তিনি থালাপতি বিজয়ের সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণার উৎস। সিনেমার সাফল্য থেকে রাজনৈতিক যাত্রা—সবক্ষেত্রে পাশে থেকেছেন স্বামীকে নিরবে সমর্থন দিয়ে।