রাফিয়াত রশিদ মিথিলা শুধু অভিনেত্রী নন, এখন তিনি হয়েছেন ‘ডক্টর মিথিলা’। সম্প্রতি সুইজারল্যান্ডের বিখ্যাত জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি থিসিস সফলভাবে শেষ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি একাডেমিক জীবনে এই বিশাল অর্জন মিথিলার জীবনে আনন্দ ও গর্বের নতুন অধ্যায় যোগ করেছে।
২৬ আগস্ট নিজের ফেসবুক ওয়ালে মিথিলা এই সুখবরটি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তিনি দাঁড়িয়ে আছেন জেনেভা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, আরেকটি ছবিতে প্রদর্শিত হয়েছে তার জমা দেওয়া পিএইচডি থিসিস।

স্ট্যাটাসে মিথিলা লিখেছেন—
“জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলতার সঙ্গে শেষ করতে পেরে আমি আবেগে আপ্লুত এবং গর্বিত। পাঁচ বছরের একটি যাত্রার সমাপ্তি হলো, যা একইসঙ্গে কঠিন ও আনন্দের। পূর্ণকালীন ক্যারিয়ার, মাঝে মাঝে অভিনয় আর পারিবারিক দায়িত্ব সামলে এই ডিগ্রি অর্জন আমার জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল।”
তিনি আরও লেখেন—
“এই অভিজ্ঞতা আমার জন্য এক অসাধারণ মাস্টারক্লাস। নিজের সক্ষমতা নিয়ে গভীরভাবে ভাবতে শিখেছি। পরিবার, বন্ধু আর সহকর্মীদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, যাদের সমর্থনে আমার যাত্রা সহজ হয়েছে।”

শেষে উচ্ছ্বাস প্রকাশ করে মিথিলা জানান—
“আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে ও গর্বের সাথে আমার নামের পাশে ‘ডক্টর’ উপাধি যুক্ত করতে পারব। এই সম্মান অর্জনে আমার অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি পেলাম।”
উল্লেখ্য, একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি মিথিলা অভিনয় জগতে নিয়মিত কাজ করে আসছেন। সম্প্রতি মেয়ে আইরাকে নিয়ে একটি প্রসাধনীর বিজ্ঞাপনে অংশ নিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন মা-মেয়ে দুজনেই।