বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং ভারতের আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা বিয়ের দুই বছরের মাথায় সুখবর দিলেন। সুখবরটি হলো—পরিণীতি এখন অন্তঃসত্ত্বা। স্বামী-স্ত্রী দুজনেই সামাজিক মাধ্যমে এই খবরটি জানিয়েছেন।

অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ছবি শেয়ার করেন। ছবির ওপরে লেখা ছিল— “One + One = Three”। এর সঙ্গে ক্যাপশনে পরিণীতি লেখেন— “আমাদের ছোট্ট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।”

খবরে খুশির হাওয়া বইছে চোপড়া ও চাড্ডা পরিবারে। তবে এই ঘোষণার পর নেটিজেনদের একাংশ আবার টেনে এনেছেন অভিনেত্রীর পুরোনো মন্তব্য। ২০১৩ সালের এক সাক্ষাৎকারে পরিণীতি বলেছিলেন, তিনি সন্তান দত্তক নেওয়ার ইচ্ছা রাখেন। কারণ তিনি অনেকগুলো সন্তান চান, কিন্তু এতবার মাতৃত্ব ধারণ করা সম্ভব নয়। তাই দত্তক নেওয়াই হবে শ্রেয়। আর সেই মন্তব্য সামনে আসতেই সমালোচকদের প্রশ্ন— “তাহলে কি আর দত্তক নেবেন না?”

তবে মাতৃত্ব নিয়ে বিতর্ক থাকলেও, প্রেম ও সম্পর্ক নিয়ে পরিণীতির বক্তব্য ছিল একেবারেই আলাদা। তিনি বলেছিলেন, “আমি গড়পড়তা প্রেম বা ফ্যান্সি উপহার পছন্দ করি না। বরং সাধারণ সম্পর্ক, আড্ডা, টিভি দেখা কিংবা একসঙ্গে পিৎজা খাওয়াই আমার কাছে বেশি প্রিয়।”
অন্যদিকে, তিনি এক সময় বলেছিলেন, রাজনীতিককে কখনও বিয়ে করবেন না। কিন্তু বাস্তবে তার জীবনেই রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে প্রেম ও বিয়ে ঘটে যায়। অবশেষে ২০২৩ সালে পরিণীতি ও রাঘব চার হাত এক করেন। আর এখন দুজনেই বাবা-মা হতে চলেছেন।