বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা সুহানা খান ২০২৩ সালের ডিসেম্বরে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে নেটফ্লিক্সে অভিষেক করেছিলেন। এবার তিনি বড়পর্দায় বাবার সঙ্গে একসঙ্গে কাজ করতে চলেছেন ‘কিং’ সিনেমায়।
‘কিং’ সিনেমার শুরুতে পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ। পরে সিনেমার দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমায় অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত ও অভয় বর্মা।
সম্প্রতি সুহানা খান একটি অনুষ্ঠানে হলুদ রঙের ঝলমলে সাজে হাজির হয়েছিলেন। তার চোখে গাঢ় মাশকারা, ঠোঁটে নুড গ্লস, চুল বাঁধা টাইট পোনি; পরনে ফুল স্লিভ কোটি ও শর্টস। এই লুকে তিনি একেবারে নতুন ও স্টাইলিশ অবতারে ধরা দিয়েছেন।
সুশৃঙ্খল সাজে উপস্থিতির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সুহানা। পোস্টের ব্যাকগ্রাউন্ডে বাজছিল তার ভাই আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্যা ব্যাডস অফ বলিউড’ থেকে গান ‘বাদলি সি হাওয়া হ্যা’। ছবির ক্যাপশনে লিখেছেন— ‘সং অ্যান্ড মাশকারা অন রিপিট’।
এই পোস্ট মুহূর্তেই নেটদুনিয়ায় আলোচনার জন্ম দেয়। আরও মজার বিষয় হলো, শাহরুখ খান নিজেই ছবিতে মন্তব্য করেছেন— ‘য়েহ বাদলি বাদলি সি, বাট সেম সেম প্রেটি’, যা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।