বাংলাদেশ ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময়ে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
মঙ্গলবার রাজধানীর বিডা অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রোচি এ তথ্য জানান। তিনি বলেন, এ প্রস্তাবের মধ্যে প্রায় ২০ শতাংশ ইতোমধ্যে অগ্রসর পর্যায়ে রয়েছে—যার মধ্যে জমি ইজারা, বরাদ্দপত্র প্রদান এবং চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তিনি জানান, বিনিয়োগের পরিমাণের পাশাপাশি গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করা এখন মূল লক্ষ্য। প্রক্রিয়া সহজ হলে আগামী পাঁচ মাসে এ প্রবাহ আরও বাড়তে পারে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) জানিয়েছে, প্রস্তাবিত বিনিয়োগের প্রায় ৬০ শতাংশ বর্তমানে অনুসন্ধানী বা প্রাথমিক যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। এর মধ্যে সম্ভাব্যতা সমীক্ষা, প্রাথমিক প্রকল্প পরিকল্পনা ও আলোচনা অন্তর্ভুক্ত। এছাড়া প্রায় ২০ শতাংশ প্রস্তাব রয়েছে গভীর পর্যালোচনায়, যা বাস্তবায়নের পূর্ববর্তী ধাপ।
বেজার নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম বলেন, বিনিয়োগকারীদের সুবিধার্থে একটি ইউনিফাইড ইনভেস্টমেন্ট পোর্টাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে জমির প্রাপ্যতা, অনুমোদন ও অগ্রগতি সংক্রান্ত তথ্য এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে। এতে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং সময় বাঁচবে।
পাশাপাশি টেকসই বিনিয়োগ আকর্ষণে বেজা আন্তর্জাতিক পরামর্শকদের সহযোগিতায় একটি গবেষণা ইউনিট চালু করেছে, যা রাবার, আসবাবপত্র, ফার্মাসিউটিক্যালস ও পর্যটনসহ সম্ভাবনাময় খাত চিহ্নিত করছে।
তবে কর্মকর্তারা মনে করছেন, প্রস্তাব পাওয়া উৎসাহব্যঞ্জক হলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রস্তাবগুলোকে বাস্তব বিনিয়োগে রূপান্তর করা। এজন্য জমি অধিগ্রহণ, অবকাঠামো ও ইউটিলিটি সেবায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।