সরকার কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে আলুর ন্যূনতম মূল্য নির্ধারণ করেছে। কোল্ড স্টোরেজ গেটে কেজিপ্রতি আলুর ন্যূনতম দাম ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার মেট্রিক টন আলু সরকারি উদ্যোগে ক্রয় করে হিমাগারে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয় বুধবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, উৎপাদন খরচের তুলনায় বাজারে আলুর দাম কমে যাওয়ায় কৃষকরা আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন।
প্রধান উপদেষ্টার নির্দেশনায় কৃষি সচিবের নেতৃত্বে গঠিত চার সদস্যের কমিটি বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সুপারিশ প্রদান করে। কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের সচিবরা সদস্য ছিলেন। কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার ন্যূনতম দাম নির্ধারণ ও বাজারে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী মৌসুমে আলু চাষিদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার কথাও ভাবা হচ্ছে। হিমাগারে রাখা আলু বাজারে অক্টোবর-নভেম্বর মাসে ছাড়া হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।