দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ আগস্ট) লেনদেন চলছে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়। দিনের শুরু থেকেই শেয়ারবাজারে ইতিবাচক সাড়া দেখা গেছে।
ডিএসই সূত্র জানায়, লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইএক্স সূচক বেড়েছে ৪৬ দশমিক ৭৯ পয়েন্ট। এতে সূচকটি দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯০ পয়েন্টে।

অন্যদিকে, শরিয়াহ সূচক (ডিএসইএস) বেড়েছে ১০ দশমিক ৯২ পয়েন্ট, অবস্থান করছে ১ হাজার ১৯৯ পয়েন্টে। একই সময়ে ডিএস-৩০ সূচক ২০ দশমিক ০৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৬ পয়েন্টে।
প্রথম ঘণ্টায় ডিএসইতে মোট ৩২৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন সম্পন্ন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে ২৯৮টির দর বেড়েছে, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারদর।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, টানা কয়েকদিনের মন্দাভাব কাটিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফিরছে। ফলে ক্রয়চাপ বাড়ছে এবং বাজারে লেনদেনও ধীরে ধীরে গতি পাচ্ছে।