ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে)-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহরিয়ার সাদাত কমনওয়েলথের একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দলে যোগ দিয়েছেন। আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হতে যাওয়া গায়ানার জাতীয় ও আঞ্চলিক নির্বাচন পর্যবেক্ষণ করবে এই দল।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ব্র্যাক ইউনিভার্সিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
১১ সদস্যের এই আন্তর্জাতিক কমনওয়েলথ অবজারভার টিম-এ আইন, নির্বাচন, প্রশাসন, কূটনীতি, মানবাধিকার, গণমাধ্যম ও সুশীল সমাজের অভিজ্ঞ ব্যক্তিত্বরা অন্তর্ভুক্ত হয়েছেন। দলের নেতৃত্ব দিচ্ছেন টঙ্গার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফেকিতামোয়েলোয়া কাতোয়া ‘উতোইকামানু’।
এই দলটির মূল দায়িত্ব হলো—
পুরো নির্বাচনী প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করা
নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত হয়েছে কিনা তা মূল্যায়ন করা
গায়ানার নির্বাচন কমনওয়েলথ সনদ, জাতীয় আইন এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাই করা
কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে বলেছেন, “এই দল সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে। নির্বাচনের মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে প্রাতিষ্ঠানিক ও প্রক্রিয়াগত সুপারিশ দেবে।”
পর্যবেক্ষক দলটি ২৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত গায়ানায় অবস্থান করবে। নির্বাচন শেষে তারা একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করবে, যেখানে তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ থাকবে। পরবর্তীতে এই প্রতিবেদন কমনওয়েলথ মহাসচিব, গায়ানা সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও সদস্য রাষ্ট্রগুলোকে প্রদান করা হবে।