আজ শুক্রবার (২৯ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। তবে সন্ধ্যা ৬টার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগে অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রংপুর ও ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তখন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং খুলনা ও বরিশালের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।