মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘কমনওয়েলথ বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’-এ বাংলাদেশ থেকে ‘বেস্ট ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যবসায়িক উৎকর্ষতা, উদ্ভাবন, গ্রাহককেন্দ্রিক সেবা, সুশাসন এবং সমাজ ও দেশের প্রতি অসামান্য অবদানের জন্য এই আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়।
কুয়ালালামপুরের কনকর্ড হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমনওয়েলথভুক্ত দেশগুলোর শীর্ষ কর্পোরেট নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। ব্র্যাক ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম।
কমনওয়েলথ বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস প্রতি বছর গ্লোবাল বেস্ট প্র্যাকটিস, টেকসই উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা প্রদর্শনে অনন্য অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি জানায়। এ বছর ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক আর্থিক সাফল্য, শক্তিশালী প্রবৃদ্ধির ধারা, সুশাসন, সর্বোচ্চ বাজারমূলধন, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা এবং আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা এসঅ্যান্ডপি ও মুডিস থেকে সর্বোচ্চ রেটিং অর্জন এই পুরস্কার প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এই আন্তর্জাতিক সম্মাননা অর্জন প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন—
“এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। ব্র্যাক ব্যাংক সবসময় গ্রাহককেন্দ্রিক সেবা, সুশাসন, নৈতিকতা এবং টেকসই উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের গ্রাহক ও স্টেকহোল্ডারদের প্রতি, যাদের বিশ্বাস ও সমর্থন ছাড়া এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সম্ভব হতো না।”