প্রায় ১৩৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা ও চার ব্যবসায়ীর বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৩১ আগস্ট) যশোর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
চার মামলায় ইসলামী ব্যাংক যশোরের নওয়াপাড়া শাখার সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বৈদেশিক বাণিজ্য বিভাগের ইনচার্জ খান মো. হাফিজুর রহমানকে মূল আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন—
ব্যবসায়ী মোছা. ফাতেমা বেগম (মালিক, মেসার্স আয়শা ট্রেডিং)
ব্যবসায়ী নাজমা খাতুন (মালিক, মেসার্স তাহমিদ ট্রেডিং)
ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম (মালিক, মেসার্স এস এম কর্পোরেশন)
ব্যবসায়ী মো. শাহীন রেজা (মালিক, মেসার্স এস রেজা এন্টারপ্রাইজ)
প্রথম মামলা: ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত প্রায় ৬২ কোটি ১৭ লাখ টাকার কয়লা আত্মসাৎ।
দ্বিতীয় মামলা: ২০২২ সালের মে থেকে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত প্রায় ৩১ কোটি ৯১ লাখ টাকার কয়লা আত্মসাৎ।
তৃতীয় মামলা: ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত প্রায় ৩২ কোটি ২০ লাখ টাকার কয়লা আত্মসাৎ।
চতুর্থ মামলা: ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত প্রায় ১০ কোটি ৮৭ লাখ টাকার কয়লা আত্মসাৎ।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার, জাল জালিয়াতি ও ভুয়া হিসাবপত্র তৈরি করে এলসির বিপরীতে কোনো মার্জিন না দিয়েই মোংলা বন্দর থেকে কয়লা আমদানি ও খালাস করলেও ব্যাংকের টাকা পরিশোধ করেনি।
চারটি মামলায় মোট প্রায় ১৩৭ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭(ক)/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের হয়েছে।