অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড গঠন করেছে এবং আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে এটি কার্যকর হবে। একই দিন থেকে **‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’**ও কার্যকর ঘোষণা করেছে সরকার।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্প্রতি দুটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনগুলো পরে গেজেটে প্রকাশিত হয়। একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ধারা ১ এর উপ-ধারা (২) অনুযায়ী ১ সেপ্টেম্বরকে আইন কার্যকর হওয়ার তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। অন্য প্রজ্ঞাপনে বলা হয়েছে, ধারা ৪ এর উপ-ধারা (১) অনুযায়ী বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড স্থাপন করা হলো, যা একই দিনে কার্যকর হবে।
২০২৩ সালের ১৩ নভেম্বর জারি হওয়া এই আইনের লক্ষ্য হলো সুষম খাদ্য হিসেবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং সংশ্লিষ্ট বিষয়গুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা।
নতুন বোর্ডটি দেশের দুধ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার দায়িত্ব পাবে। সরকারের লক্ষ্য হলো স্থানীয় দুধ উৎপাদন বৃদ্ধি করা, খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ভোক্তাদের কাছে নিরাপদ দুধ পৌঁছে দেওয়া।
এর আগে, ২০২৩ সালের ১০ এপ্রিল মন্ত্রিসভা আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়। তখন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, বোর্ডের মূল কাজ হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু লালন-পালন, চিকিৎসাসেবা প্রদান এবং মানসম্মত দুধ উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া।
আইনে বলা হয়েছে, ডেইরি পণ্য উৎপাদনকারী বাণিজ্যিক প্রতিষ্ঠানদের বোর্ডে নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন ছাড়া ব্যবসা করা যাবে না।
বোর্ডের পরিচালনা পর্ষদে ১৯ জন সদস্য থাকবেন, প্রধান নির্বাহী থাকবেন এবং বোর্ডের চেয়ারম্যান হবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। বোর্ডের নিজস্ব তহবিল থাকবে।
মাহবুব হোসেন আরও বলেন, “মাংস উৎপাদনে সাম্প্রতিক উন্নতির মতো ডেইরি খাতেও সাপোর্ট ও ব্যবস্থাপনার প্রয়োজন। নতুন বোর্ড এই চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”