ভারতের অন্যতম নির্ভরযোগ্য টেস্ট ব্যাটার চেতেশ্বর পূজারা সম্প্রতি আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে স্থিতিশীলতা, ধৈর্য এবং ক্লাসিক টেস্ট ব্যাটিংয়ের জন্য ভক্ত-সমালোচকদের কাছে বিশেষ জায়গা দখল করে নিয়েছিলেন তিনি। অবসরের পর এবার তাকে নিয়ে খোলা চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পূজারা ২০১০ সালের অক্টোবরে ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে ১০৩টি টেস্ট খেলে ৪৩.৬০ গড়ে ৭,১৯৫ রান সংগ্রহ করেন তিনি। এর মধ্যে রয়েছে ১৯টি সেঞ্চুরি ও ৩৪টি অর্ধশতক। যদিও ওয়ানডে খেলেছেন মাত্র ৫টি এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিকের সুযোগ পাননি কখনও।
মোদি তার চিঠিতে লেখেন—
“প্রিয় পূজারা, তোমার অবসরের খবর জানার পর পুরো ক্রিকেট মহল ও ভক্তরা তোমার অসাধারণ ক্যারিয়ারের প্রশংসায় ভাসছে। জাতীয় দলের হয়ে ম্যাচ জেতানো, রান করা, সবই অসাধারণ সাফল্য। তবে সংখ্যার বাইরেও তুমি যে শান্তি ও আস্থার প্রতীক ছিলে ব্যাটিংয়ে, সেটি ক্রিকেটপ্রেমীদের কাছে অমূল্য।”
তিনি আরও উল্লেখ করেন, “ক্রিকেটের ছোট ফরম্যাটের ভিড়ে তুমি ছিলে দীর্ঘ ফরম্যাটের এক অনন্য সৌন্দর্যের প্রতীক। মনোযোগ, অদম্য ধৈর্য এবং দীর্ঘ সময় ক্রিজে থাকার ক্ষমতা তোমাকে ভারতীয় ব্যাটিং লাইনআপের অন্যতম স্তম্ভ বানিয়েছে।”
মোদি পূজারার ভবিষ্যৎ নিয়েও আশাবাদী। তিনি আশা প্রকাশ করেন, ক্রিকেট থেকে অবসর নিলেও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার কাজে যুক্ত থাকবেন এই ব্যাটার।
অবসরের ঘোষণা দিতে গিয়ে পূজারা লিখেছিলেন—
“ভারতের জার্সি গায়ে চাপিয়ে জাতীয় সংগীত গেয়ে মাঠে নামার প্রতিটি মুহূর্ত ছিল অনন্য অভিজ্ঞতা। সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি সবসময়। তবে যেমন বলা হয়, সব ভালো কিছুরই একদিন শেষ হয়। তাই আমি ভারতীয় ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।”
২০২৩ সালের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ছিল পূজারার জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ। এরপর থেকে আর ভারতের হয়ে খেলার ডাক পাননি তিনি।