চলতি আগস্ট মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২২২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার (প্রায় ২.২৩ বিলিয়ন ডলার), যা দেশীয় মুদ্রায় প্রায় ২৭ হাজার ২০০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকায় হিসাব করা হয়েছে)।
রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রাপ্ত এই রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধ, সরকারী প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিকতা বজায় রয়েছে।
তুলনামূলকভাবে, জুলাই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৪৮ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকার সমান।
সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে এই আঙ্ক ছিল ২৩.৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
এই ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে এবং বৈদেশিক মুদ্রার জোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।